বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬, ০৮:৫০ অপরাহ্ন
স্টাফ করসপন্ডেন্ট নড়াইল : নড়াইলের লোহাগড়া উপজেলার ঐতিহ্যবাহী লক্ষীপাশা আদর্শ মহিলা ডিগ্রী কলেজে ২০২৬-২৭ শিক্ষাবর্ষে একাদশ শ্রেণির নতুন শিক্ষার্থীদের উৎসাহ উদ্দীপনা আর নানা আয়োজনের মধ্য দিয়ে নবীন বরণ ও উদ্বোধনী ক্লাস অনুষ্ঠিত হয়েছে।
বৃহস্পতিবার (২৪ সেপ্টেম্বর) বেলা ১১ টার দিকে কলেজ হলরুমে নতুন শিক্ষার্থীদের নিয়ে ওই নবীন বরণের আয়োজন করা হয়।
লক্ষীপাশা আদর্শ মহিলা ডিগ্রি কলেজের (ভারপ্রাপ্ত) অধ্যক্ষ কাজল কুমার বিশ্বাসের সভাপতিত্বে অনুষ্ঠানে নবীনদের বরণ ও আলোচনা সভার মধ্য দিয়ে নতুন শিক্ষার্থীদের আনুষ্ঠানিকভাবে ফুল দিয়ে বরণ করে নেয় কলেজ প্রশাসন।
লক্ষীপাশা আদর্শ মহিলা ডিগ্রি কলেজের ইংরেজি বিভাগের প্রভাষক মো. মাহামুদুল হাসান মোল্যার
সঞ্চালনায় নতুন শিক্ষার্থীদেরকে শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়ে বক্তব্য দেন লক্ষীপাশা মহিলা আদর্শ ডিগ্রি কলেজের সহকারী অধ্যাপক শেখ শরিফুল ইসলাম,সহকারী অধ্যাপক সোহেলী সাহরীয়া, সহকারী অধ্যাপক টিএম ফেরদৌস ওয়াহিদ, সহকারী অধ্যাপক সামীমা সুলতানা প্রমুখ।
এছাড়াও সহকারী অধ্যাপক সুনীতি কুমার পাল, সহকারী অধ্যাপক শেখ আজিজুর রহমান, সহকারী অধ্যাপক গোবিন্দ চন্দ্র বিশ্বাস, সহকারী অধ্যাপক মায়া রানী রায়, প্রভাষক বর্না রানী সাহা, প্রভাষক প্রসাদ গাইন, প্রভাষক কাজী আনিসুর রহমানসহ কলেজের শিক্ষক-শিক্ষার্থীরা ও অভিভাবকবৃন্দ উপস্থিত ছিলেন।
লক্ষীপাশা আদর্শ মহিলা ডিগ্রী কলেজে এবার একাদশ শ্রেণিতে মোট ৭০ জন শিক্ষার্থী ভর্তি করা হয়েছে।
লক্ষীপাশা আদর্শ মহিলা ডিগ্রি কলেজের সহকারী অধ্যাপক শেখ শরিফুল ইসলাম নবীনদের আন্তরিকভাবে স্বাগত জানিয়ে নিয়মিত ক্লাস করা, শিক্ষকদের সম্মান করা এবং বিভাগের নিয়ম-কানুন মেনে চলার পরামর্শ দেন। পাশাপাশি সচেতন, দায়িত্বশীল ও মানবিক মানুষ হিসেবে নিজেদের গড়ে তোলার আহ্বান জানান।
লক্ষীপাশা আদর্শ মহিলা ডিগ্রি কলেজের সহকারী অধ্যাপক সোহেলী সাহরীয়া নবীন শিক্ষার্থীদের শুভেচ্ছা জানিয়ে তিনি শিক্ষার্থীদের নিয়মিত ক্লাস করা, ভালো কাজে যুক্ত থাকা এবং সময়ের সঠিক ব্যবহার করার ওপর গুরুত্ব দেন এবং যেকোনো প্রয়োজনে শিক্ষকদের সঙ্গে যোগাযোগ করার পরামর্শ দেন।
শিক্ষার্থীদের উদ্দেশ্যে লক্ষীপাশা আদর্শ মহিলা ডিগ্রি কলেজের (ভারপ্রাপ্ত) অধ্যক্ষ কাজল কুমার বিশ্বাস কলেজের গৌরবের উজ্জ্বল ইতিহাস নতুন শিক্ষার্থীদের সামনে তুলে ধরেন। তিনি বলেন, এখানে যারা ভর্তির সুযোগ পেয়েছে তারা নিঃসন্দেহে মেধাবীদের মধ্যে অন্যতম। শুধু ভালো শিক্ষার্থী হলেই চলবে না, সকলকে দেশপ্রেমিক হতে হবে। সন্ত্রাসের মাধ্যমে আজকে আমাদের মেধাবী সন্তানদের নষ্ট করে দেওয়া হচ্ছে। কোনো রকম নেশার সঙ্গে নিজেকে না জড়ানোর আহ্বান তিনি।
তিনি আরও বলেন, জাতিকে দুর্নীতিমুক্ত করতে হলে নতুন প্রজন্মকে কাজে লাগাতে হবে।