বুধবার, ০৭ অক্টোবর ২০২৬, ১২:৫৭ পূর্বাহ্ন

শিরোনাম
সকালে নেতৃত্ব ছাড়লেন হারমানপ্রীত, রাতে অধিনায়ক হলেন স্মৃতি দক্ষিণ কোরিয়া থেকে রাশিয়ায় জ্বালানি পাঠানোর তথ্য ফাঁস আন্তর্জাতিক গণিত ও বিজ্ঞান অলিম্পিয়াডে বাংলাদেশের প্রথম সোনা, ১৬ জনের ১৫ জনই পদকজয়ী শিবালয় মডেল ইউনিয়নে দুর্গাপূজার প্রস্তুতি ও আইনশৃঙ্খলা সভা অনুষ্ঠিত সর্বাধিক সংশোধন আবেদন নিষ্পত্তি: সম্মাননা পেলেন লক্ষ্মীপুর সদর ইউএনও ক্যাথোয়াইপ্রু মারমা ১০ অক্টোবর ঢাকায় ‘রিয়েল এস্টেট কানেক্ট বাংলাদেশ’, চলছে নিবন্ধন সবকিছুর বাজেট আছে, মিডিয়ার জন্য কেন শুধু ‘ফ্রি’: এম এম শাহীন সাতক্ষীরায় শিশু অধিকার দিবস পালিত, শিশুদের নিরাপত্তা নিশ্চিতের আহ্বান চৌদ্দগ্রামে দুর্নীতি প্রতিরোধ সেমিনার ও সততা স্টোর উদ্বোধন কালিয়াকৈরে প্রেমিকের বাসায় তরুণীর রহস্যজনক মৃত্যু, ধর্ষণ-হত্যা মামলায় প্রেমিক গ্রেপ্তার

সাতক্ষীরায় শিশু অধিকার দিবস পালিত, শিশুদের নিরাপত্তা নিশ্চিতের আহ্বান

শেখ ফারুক হোসেন, সাতক্ষীরা প্রতিনিধি : ‘শিশুর অধিকার হোক সুরক্ষার অঙ্গীকার’—এ প্রতিপাদ্য সামনে রেখে সাতক্ষীরায় শিশু অধিকার দিবস পালিত হয়েছে। মঙ্গলবার (৬ অক্টোবর ২০২৬) শিশুদের অধিকার সুরক্ষা, নিরাপত্তা, শিক্ষা ও সুস্থভাবে বেড়ে ওঠার পরিবেশ নিশ্চিত করার প্রত্যয়ে দিবসটি উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

বিশ্ব শিশু অধিকার দিবস ও বাংলাদেশ শিশু একাডেমির প্রতিষ্ঠার ৫০ বছর পূর্তি উপলক্ষে সাতক্ষীরা জেলা প্রশাসকের সম্মেলনকক্ষে এ সভার আয়োজন করা হয়। এতে সভাপতিত্ব করেন সাতক্ষীরার জেলা প্রশাসক কাউসার আজিজ। অনুষ্ঠান সঞ্চালনা করেন জেলা শিশু বিষয়ক কর্মকর্তা মো. রিয়াজুল ইসলাম।

অনুষ্ঠানে ভিডিও কনফারেন্সের মাধ্যমে যুক্ত হয়ে প্রধান অতিথির বক্তব্য দেন প্রধানমন্ত্রী তারেক রহমান। তিনি বলেন, শিশুদের অধিকার নিয়ে কথা বলার পাশাপাশি প্রতিটি শিশুর কথা শোনা ও বোঝার চেষ্টা করা সবার দায়িত্ব। পড়াশোনার পাশাপাশি গান, কবিতা, গল্প, চিত্রশিল্প, নৃত্য ও সাহিত্যচর্চার মাধ্যমে শিশুদের প্রতিভা বিকাশে বাংলাদেশ শিশু একাডেমি গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছে। শিশুদের জন্য নেওয়া প্রতিটি উদ্যোগকে আরও সময়োপযোগী করতে হবে।

প্রধানমন্ত্রী আরও বলেন, বাংলাদেশ শিশু একাডেমি শিশুদের মেধা, মনন, সৃজনশীলতা ও সাংস্কৃতিক বিকাশে দেশজুড়ে চিত্রাঙ্কন, সংগীত, নৃত্য, আবৃত্তি, নাটক, খেলাধুলা ও কম্পিউটার প্রশিক্ষণের মতো বিভিন্ন কার্যক্রম পরিচালনা করছে। একাডেমির প্রশিক্ষণ শাখার মাধ্যমে সারাদেশে প্রায় ৪০ হাজার শিক্ষার্থী বিভিন্ন বিষয়ে প্রশিক্ষণ নিচ্ছে। পাশাপাশি প্রকাশনা শাখা থেকে নিয়মিত শিশুতোষ ও সৃজনশীল বই প্রকাশ করা হচ্ছে।

অনুষ্ঠানে সম্মানিত অতিথি হিসেবে উপস্থিত ছিলেন অতিরিক্ত পুলিশ সুপার মিঠুন চক্রবর্তী, জেলা তথ্য কর্মকর্তা মো. জাহারুল ইসলাম, জেলা বিএনপির সদস্যসচিব আবু জাহিদ ডাবলু এবং বাংলাদেশ জামায়াতে ইসলামী সাতক্ষীরা জেলার আমির শহিদুল ইসলাম মুকুলসহ অন্যরা।

আলোচনা সভায় বক্তারা বলেন, আজকের শিশুরাই আগামী দিনের ভবিষ্যৎ। দেশের উন্নয়ন ও অগ্রযাত্রা অনেকাংশে শিশুদের সঠিক বিকাশের ওপর নির্ভরশীল। তাই প্রতিটি শিশুর শিক্ষা, স্বাস্থ্য, পুষ্টি, নিরাপত্তা, বিনোদন ও মতপ্রকাশের অধিকার নিশ্চিত করা প্রয়োজন।

তারা আরও বলেন, শিশুদের প্রতি নির্যাতন, সহিংসতা, বাল্যবিবাহ, শিশুশ্রম ও বৈষম্য প্রতিরোধে পরিবার, সমাজ ও রাষ্ট্রকে সম্মিলিতভাবে কাজ করতে হবে। পাশাপাশি শিশু অধিকার বিষয়ে সচেতনতা বাড়িয়ে শিশুদের জন্য নিরাপদ ও শিশুবান্ধব পরিবেশ গড়ে তুলতে হবে।

বক্তারা শিশুদের অধিকার রক্ষায় সবাইকে দায়িত্বশীল ভূমিকা পালনের আহ্বান জানান। শিশুর হাসিকে উন্নয়নের সূচক এবং শিশুর নিরাপত্তাকে রাষ্ট্রীয় দায়িত্বের গুরুত্বপূর্ণ অংশ হিসেবে বিবেচনা করার ওপরও গুরুত্বারোপ করা হয়।


Classic Software Technology
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত © ২০২০ বাঙলার জাগরণ
কারিগরি সহযোগিতায়: