মঙ্গলবার, ২৭ অক্টোবর ২০২৬, ০৮:৫৪ অপরাহ্ন

দেশে আসেন, জনগণ আপনাদের বিচার করবে : আবুল খায়ের ভূঁইয়া এমপি

লক্ষ্মীপুর প্রতিনিধি : আওয়ামী লীগের পলাতক নেতাদের উদ্দেশ্য করে লক্ষ্মীপুর-২ আসনের সংসদ সদস্য আবুল খায়ের ভূঁইয়া বলেছেন, যারা দেশে বিশৃঙ্খলা করতে চান, তারা সাবধান হয়ে যান। আমরা এখনো ধৈর্য ধারণ করছি। আপনারা কাকে ভয় দেখান? জনগণ অপেক্ষায় আছে। আপনারা দেশে আসেন, জনগণ আপনাদের বিচার করবে।

মঙ্গলবার (২৭ অক্টোবর) বিকেলে যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে জেলা যুবদলের র‌্যালি শেষে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

আবুল খায়ের ভূঁইয়া বলেন, বট বাহিনী বিএনপিকে ক্ষমতা থেকে নামানোর জন্য লং মার্চ ও রোড মার্চ দিচ্ছে। তারা ৬০০ গাড়ি নিয়ে লং মার্চ করে জনগণের ক্ষতি করছে। ৬০০ গাড়ি নিয়ে তেল পোড়ানো হচ্ছে, এটা তো জনগণের জন্য ক্ষতি। তারা দ্রব্যমূল্য বৃদ্ধির বিষয়টি জনগণের কাছে উপস্থাপন করছে। বহির্বিশ্বে যুদ্ধের কারণে দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি হয়েছে।

তিনি আরও বলেন, ‘আওয়ামী লীগের নেতাকর্মীরা সমতলে না পেরে এখন পার্বত্য চট্টগ্রামে নতুন খেলা শুরু করে দিয়েছে। লাখ লাখ মানুষের প্রাণের বিনিময়ে এ দেশ স্বাধীন হয়েছে। যারা সরকারের বিরুদ্ধে, জনগণের বিরুদ্ধে অস্ত্র হাতে নিয়ে ঘুরছে, তাদের মদদদাতা কারা? আমরা কিন্তু বাংলাদেশের ২০ কোটি জনগণ আছি। প্রয়োজন হলে সেনাবাহিনী লাগবে না, আমরা গিয়ে পার্বত্য চট্টগ্রাম ঘেরাও দিয়ে উদ্ধার করবো।

জেলা যুবদলের আয়োজিত র‌্যালিতে জেলা পরিষদের প্রশাসক সাহাবুদ্দিন সাবু, সদর (পশ্চিম) উপজেলা বিএনপির সভাপতি মাহবুবুর রহমান খোকন, জেলা যুবদলের সভাপতি আব্দুল আলিম হুমায়ুন, সাধারণ সম্পাদক সৈয়দ রাশেদুল ইসলাম লিংকন, সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক আব্দুল্লাহ আল মামুন ও সাংগঠনিক সম্পাদক হাসান মাহমুদ ইব্রাহিমসহ বিপুলসংখ্যক নেতাকর্মী উপস্থিত ছিলেন।


Classic Software Technology
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত © ২০২০ বাঙলার জাগরণ
কারিগরি সহযোগিতায়: