শনিবার, ২৮ নভেম্বর ২০২৬, ০৭:৩৮ অপরাহ্ন
লক্ষ্মীপুর প্রতিনিধি :: কৃষিতে সেচের নতুন সম্ভাবনা তৈরি করতে লক্ষ্মীপুরের ভবানীগঞ্জ ইউনিয়নের চরমনসা গ্রামে চালু হয়েছে কমিউনিটিভিত্তিক সৌরবিদ্যুৎচালিত সেচ প্রকল্প। গণ উন্নয়ন কেন্দ্র (GUK)-এর অর্থায়নে নির্মিত এ প্রকল্পের মাধ্যমে কৃষকদের সেচ সুবিধা বাড়ানোর উদ্যোগ নেওয়া হয়েছে।
শনিবার (২৮ নভেম্বর) বেলা ১১টার দিকে সদর উপজেলার ভবানীগঞ্জ ইউনিয়নের চরমনসা গ্রামে প্রকল্পটির শুভ উদ্বোধন করেন বাংলাদেশ ফুটবল ফেডারেশনের (বাফুফে) ভাইস প্রেসিডেন্ট ওয়াহিদ উদ্দীন চৌধুরী।
প্রকল্পটির বিশেষত্ব হলো, সৌরবিদ্যুতের মাধ্যমে মোটর পাম্প চালিয়ে কৃষিজমিতে সেচ দেওয়া হবে। এতে প্রচলিত বিদ্যুতের ওপর নির্ভরতা কমানোর পাশাপাশি কৃষকদের সেচ ব্যবস্থাকে আরও সহজ ও টেকসই করার সম্ভাবনা তৈরি হয়েছে।
উদ্বোধনী অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন লক্ষ্মীপুর সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা ক্যাথোয়াইপ্রু মারমা, সদর থানা পূর্ব বিএনপির সাধারন সম্পাদক শাহ মোহাম্মদ এমরান,ভবানীগঞ্জ ইউনিয়ন বিএনপির সভাপতি এস এম আজাদ, সাধারণ সম্পাদক তোফায়েল আহমেদ সবুজ, সাংগঠনিক সম্পাদক আবদুর নুর মাসুমসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরা উপস্থিত ছিলেন।
সৌরশক্তিনির্ভর এ সেচ প্রকল্প এলাকার কৃষি উৎপাদন বৃদ্ধি ও কৃষকদের সেচ ব্যয় কমাতে ইতিবাচক ভূমিকা রাখবে বলে আশা করা হচ্ছে।