বৃহস্পতিবার, ৩০ জুলাই ২০২৬, ০৭:৪৪ অপরাহ্ন
দেশে গ্যাসের সরবরাহ স্বাভাবিক রাখতে সিঙ্গাপুর থেকে এক কার্গো তরলীকৃত প্রাকৃতিক গ্যাস (এলএনজি) আমদানির অনুমোদন দিয়েছে সরকার। এ আমদানিতে মোট ব্যয় হবে ৯৪৯ কোটি ৪৩ লাখ ১২ হাজার ১৮৪ টাকা।
বৃহস্পতিবার (৩০ জুলাই) সচিবালয়ে সরকারি ক্রয়-সংক্রান্ত মন্ত্রিসভা কমিটির বৈঠকে এ প্রস্তাবের অনুমোদন দেওয়া হয়। জ্বালানি ও খনিজ সম্পদ বিভাগের প্রস্তাব অনুযায়ী, আন্তর্জাতিক কোটেশন সংগ্রহ পদ্ধতিতে আগামী ১৫ ও ১৬ আগস্ট সরবরাহের জন্য ৪২তম এলএনজি কার্গো কেনা হবে।
সর্বনিম্ন দরদাতা হিসেবে নির্বাচিত হয়েছে সিঙ্গাপুরভিত্তিক প্রতিষ্ঠান ভিটল এশিয়া প্রাইভেট লিমিটেড। প্রতিষ্ঠানটির কাছ থেকে প্রতি এমএমবিটিইউ এলএনজি ২২ দশমিক ৩৫ মার্কিন ডলার দরে কেনা হবে। মোট ব্যয়ের মধ্যে অগ্রিম আয়করও অন্তর্ভুক্ত রয়েছে।
সরকারের ভাষ্য, দেশের ক্রমবর্ধমান জ্বালানি চাহিদা মেটানো এবং গ্যাস সরবরাহ অব্যাহত রাখতেই এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে।