বৃহস্পতিবার, ০৯ জুলাই ২০২৬, ০৬:৪৯ অপরাহ্ন

চা দিতে দেরি হওয়ায় হোটেল কর্মচারীকে ছুরিকাঘাতে খুন

সিলেট নগরীর কাজির বাজারে চা দেওয়া নিয়ে বাকবিতণ্ডার জের ধরে দিনার আহমদ রুমন নামে এক হোটেল কর্মচারীকে ছুরিকাঘাতে খুন করা হয়েছে।

রোববার (১৩ জুলাই) সকাল ৯টার দিকে নগরীর কাজির বাজার এলাকায় এ ঘটনা ঘটে।

নিহত হোটেল কর্মচারী রুমন নগরীর দক্ষিণ সুরমার জালালপুর বাজার এলাকার বাসিন্দা মৃত তকলিছ আলীর ছেলে। রুমন কাজির বাজারের মাছবাজার সংলগ্ন নিরু বাবুর চায়ের দোকানে কর্মচারী ছিলেন।

পুলিশ জানায়, সকালে এক যুবক চা খেতে কাজির বাজার মাছ বাজারের পাশে অবস্থিত একটি হোটেলে ঢুকেন। চা দিতে বিলম্ব হওয়ায় তিনি রুমনের সঙ্গে তর্কে জড়িয়ে পড়েন। তখন হোটেল মালিক ও আশপাশের লোকজন তাদেরকে শান্ত করে এবং পরিস্থিতি স্বাভাবিক হয়। এর কিছুক্ষণ পর ওই যুবক আরও কয়েকজনকে সঙ্গে নিয়ে হোটেলে ঢুকে ওই কর্মচারীর ওপর হামলা চালান।

একপর্যায়ে রুমনকে ছুরিকাঘাত করে তারা পালিয়ে যান। পরে তাকে উদ্ধার করে সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।

কোতয়ালী মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. জিয়াউল হক বিষয়টি নিশ্চিত করে বলেন, আমরা আসামিদের ধরতে অভিযান চালাচ্ছি। তার লাশ ময়নাতদন্তের জন্য ওসমানী হাসপাতালের মর্গে প্রেরণ করা হয়েছে।


Classic Software Technology
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত © ২০২০ বাঙলার জাগরণ
কারিগরি সহযোগিতায়: