বৃহস্পতিবার, ০৯ জুলাই ২০২৬, ১০:২৯ পূর্বাহ্ন
কাপ্তাই (রাঙামাটি) প্রতিনিধি :
রাঙামাটির কাপ্তাই উপজেলায় বন বিভাগের ঝুম নিয়ন্ত্রণ কর্মসূচির আওতায় সৃজিত সরকারি অংশীদারিত্বের আগর বনায়নের গাছ কেটে প্রায় পাঁচ একর জমি দখলের অভিযোগ পাওয়া গেছে।
শনিবার সকালে কাপ্তাই উপজেলার কাপ্তাই ইউনিয়নের দুর্গম ১৩০ নং বারুদ গোলা মৌজার কুতুবদিয়া রেঞ্জের হরিণছড়া বিট এলাকার ঘটনাটি নিয়ে ১১৯ নং ভাইয্যাতলী মৌজার হেডম্যান থোয়াই অং মারমা এ প্রতিবেদককে এ তথ্য জানান।
তিনি বলেন, এলাকার মায়ারাম চাকমা, মংহলাপ্রু, বসন্ত কুমার তঞ্চঙ্গ্যা ও থোয়াই পা অং মারমার পরিবারসহ কয়েকজন ক্ষতিগ্রস্ত ব্যক্তি তাকে জানান যে, ১৩০ নং বারুদ গোলা মৌজার হেডম্যান কালাচান তঞ্চঙ্গ্যার ছেলে প্রেম কুমার তঞ্চঙ্গ্যার নেতৃত্বে একদল লোক গত ১৫ ফেব্রুয়ারি থেকে ১৯ ফেব্রুয়ারি ২০২৬ পর্যন্ত সরকারি অংশীদারিত্বে সৃজিত প্রায় পাঁচ একর আগর বনায়নের গাছ জুমের নামে কেটে জায়গাটি জবরদখল করে নেয়।
তিনি আরও জানান, শুক্রবার তিনি সরেজমিনে ঘটনাস্থল পরিদর্শন করে অভিযোগের সত্যতা পান এবং ছবি সংগ্রহ করেন। কাগজপত্র পর্যালোচনা করে জানা গেছে, ২০০৮ সালে বাংলাদেশ বন বিভাগের ঝুম নিয়ন্ত্রণ কর্মসূচির আওতায় বারুদ গোলা মৌজার কুতুবদিয়া রেঞ্জের হরিণছড়া বিট এলাকায় পাহাড়ি ও বাঙালি মিলিয়ে ১০ জনকে সরকারি অংশীদারিত্বের ভিত্তিতে আগর বনায়ন সৃজনের দায়িত্ব দেওয়া হয়েছিল।
এ ঘটনায় ক্ষতিগ্রস্ত পরিবারগুলো আর্থিক ক্ষতির মুখে পড়েছে বলে জানান তিনি। এতে পাহাড়ি ও বাঙালি পরিবারগুলোর মধ্যে চরম ক্ষোভ বিরাজ করছে। তারা দ্রুত বন বিভাগের হস্তক্ষেপ কামনা করেছেন।
এ বিষয়ে যোগাযোগ করা হলে ১৩০ নং বারুদ গোলা মৌজার হেডম্যান কালাচান তঞ্চঙ্গ্যা অভিযোগ অস্বীকার করে বলেন, জমিটি তার নিজস্ব। ২০০৮ সালে ঝুম নিয়ন্ত্রণ কর্মসূচির আওতায় স্থানীয় ১০ জনকে চুক্তিভিত্তিতে দেওয়া হলেও সেই চুক্তির মেয়াদ ২০২০ সালে শেষ হয়েছে বলে তিনি দাবি করেন।
এদিকে ঝুম নিয়ন্ত্রণ বন বিভাগের রেঞ্জ অফিসার শাহজাহান আলীর সঙ্গে যোগাযোগ করা হলে তিনি বলেন, বিষয়টি তাদের নজরে এসেছে। এলাকা দুর্গম হওয়ায় এখনো পরিদর্শন করা সম্ভব হয়নি, তবে দ্রুত ঘটনাস্থল পরিদর্শন করে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।