বৃহস্পতিবার, ০৯ জুলাই ২০২৬, ০৮:৪৫ পূর্বাহ্ন
চৌদ্দগ্রাম (কুমিল্লা) প্রতিনিধি :
কুমিল্লার চৌদ্দগ্রাম উপজেলায় ট্রাকভর্তি ভারতীয় অবৈধ শাড়ি, থ্রিপিসসহ আহসান উল্লাহ নামে এক আওয়ামী লীগ নেতাকে আটক করেছে র্যাব। এ সময় একটি মিনি ট্রাক জব্দ করা হয়। শনিবার (৭ মার্চ) রাতে র্যাব-১১-এর একটি দল উপজেলার বাতিসা এলাকায় অভিযান পরিচালনা করে তাকে আটক করে। আটক আহসান উল্লাহ চৌদ্দগ্রাম পৌরসভার নোয়াপাড়া গ্রামের মোকশেদ মিয়ার ছেলে। স্থানীয়ভাবে তিনি পৌরসভা আওয়ামী লীগের প্রভাবশালী নেতা হিসেবে পরিচিত।
চৌদ্দগ্রাম থানার সূত্রে জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে র্যাব-১১ শনিবার রাতে বাতিসা এলাকায় অভিযান চালিয়ে একটি মিনি ট্রাকের মধ্যে থাকা ২৫ বস্তা ভারতীয় অবৈধ শাড়ি, থ্রিপিসসহ আহসান উল্লাহকে আটক করে।
পরে জব্দকৃত মালামাল ও গাড়িসহ তাকে চৌদ্দগ্রাম থানাতে হস্তান্তর করা হয়। চৌদ্দগ্রাম থানার ওসি আবু মাহমুদ কাওসার হোসেন জানান, অবৈধ শাড়ি ও থ্রিপিস আটক কান্ডের ঘটনায় আহসান উল্লাহকে আসামি করে থানায় মামলা করা হয়েছে। পরে তাকে আদালতের মাধ্যমে জেলহাজতে পাঠানো হয়।