শনিবার, ১৮ এপ্রিল ২০২৬, ১০:০৩ অপরাহ্ন
তাহিরপুর, সুনামগঞ্জ প্রতিনিধি :
সুনামগঞ্জের তাহিরপুর উপজেলার মাটিয়ান হাওরে বজ্রপাতে আবুল কালাম(২৮) নামে এক হাঁসের খামারের মৃত্যু হয়েছে। এ ঘটনায় নূর মোহাম্মদ(২৫) নামে আরও একজন গুরুতর আহত হয়েছেন। শনিবার দুপুরে এ দুর্ঘটনা ঘটে।
নিহত আবুল কালাম উপজেলার তাহিরপুর সদর ইউনিয়নের গাজীপুর গ্রামের আবু বক্করের ছেলে। আহত নূর মোহাম্মদ বড়দল দক্ষিণ ইউনিয়নের জামলাবাজ গ্রামের আলী আউয়ালের ছেলে।
স্থানীয় সূত্রে জানা যায়, আবুল কালাম ও নূর মোহাম্মদ মাটিয়ান হাওরে একটি হাঁসের খামারে কাজ করতেন। প্রতিদিনের মতো আজ সকালেও তারা হাওরে হাঁস চরাতে যান। দুপুরে বৃষ্টির সঙ্গে হঠাৎ প্রচণ্ড বজ্রপাত শুরু হলে ঘটনাস্থলেই আবুল কালামের মৃত্যু হয়। এ সময় পাশে থাকা নূর মোহাম্মদ গুরুতর আহত হন। স্থানীয়রা আহত নূর মোহাম্মদকে উদ্ধার করে দ্রুত তাহিরপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। সেখানে প্রাথমিক চিকিৎসা শেষে তার অবস্থা আশঙ্কাজনক হওয়ায় উন্নত চিকিৎসার জন্য সিলেট এম এ জি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।
তাহিরপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের চিকিৎসক ফয়েজ আহমদ নুরী জানান, আহত ব্যক্তির শরীরের বড় অংশ ঝলসে গেছে। অবস্থা গুরুতর হওয়ায় তাকে দ্রুত সিলেটে স্থানান্তরের পরামর্শ দেওয়া হয়েছে।
তাহিরপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আমিনুল ইসলাম ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন,বজ্রপাতে একজনের মৃত্যুর খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছেছে। লাশের সুরতহাল প্রতিবেদন প্রস্তুত করা হচ্ছে। এ বিষয়ে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন।