রবিবার, ২০ সেপ্টেম্বর ২০২৬, ০৩:৫৭ অপরাহ্ন
মোহাম্মদ আজিজুল ইসলাম, কুলাউড়া প্রতিনিধি : মৌলভীবাজারের কুলাউড়ায় বিশেষ অভিযান পরিচালনা করে চোরাই গরু ও চুরির কাজে ব্যবহৃত সিএনজিসহ ৬ জনকে আটক করেছে কুলাউড়া থানা পুলিশ। আটক ব্যক্তিদের বিরুদ্ধে বিভিন্ন থানায় একাধিক চুরি মামলা রয়েছে বলে জানিয়েছে পুলিশ।
পুলিশ সূত্রে জানা যায়, কুলাউড়া থানার অফিসার ইনচার্জ (ওসি) জহিরুল ইসলাম মুন্নার নির্দেশনায় সেকেন্ড অফিসার এসআই ফরহাদ মাতুব্বরের নেতৃত্বে এসআই জুনেদ, এসআই প্রদ্যুত, এসআই অলকসহ সঙ্গীয় অফিসার ও ফোর্স বিশেষ অভিযান পরিচালনা করেন। অভিযানে গরু চুরির ঘটনার মাত্র ৬ ঘণ্টার মধ্যে রাজন আলী (৪০) ও পারভেজ আহমদ (৩২) নামে দুইজনকে চোরাই গরু এবং চুরির কাজে ব্যবহৃত সিএনজিসহ আটক করা হয়।
আটক রাজন আলী কুলাউড়া পৌরসভার জয়পাশা এলাকার ইয়াকুব মিয়ার ছেলে এবং পারভেজ আহমদ দত্তরমুড়ি এলাকার মৃত নানু মিয়ার ছেলে। পুলিশের তথ্য অনুযায়ী, রাজন আলীর বিরুদ্ধে ১৪টি মামলা রয়েছে।
এছাড়া পৃথক অভিযানে কুলাউড়া থানার মামলা নং-১৫, তারিখ ২৫ এপ্রিল ২০২৬, জিআর-৭২, ধারা ৩৭৯ পেনাল কোডের মামলার আসামি লক্ষীপুর এলাকার রিমন মিয়া (২৪) ও আহাদ মিয়া (২২)-কে আটক করা হয়।
অপর এক অভিযানে কুলাউড়া থানার মামলা নং-০৬, তারিখ ৩ জুলাই ২০২৬, জিআর-১৩২, ধারা ৪৫৭/৩৮০ পেনাল কোডের মামলার আসামি বড়লেখা উপজেলার শ্রীধরপুর এলাকার আনোয়ার হোসেন (১৯) ও সাইফুল ইসলাম (১৯)-কে আটক করা হয়।
পুলিশ জানায়, আটক ব্যক্তিদের বিরুদ্ধে বিভিন্ন থানায় চুরি সংক্রান্ত একাধিক মামলা রয়েছে।
এ বিষয়ে জানতে চাইলে কুলাউড়া থানার অফিসার ইনচার্জ (ওসি) জহিরুল ইসলাম মুন্না টিম জার্নালিস্টকে বলেন, চুরি ও অপরাধ দমনে কুলাউড়া থানা পুলিশের অভিযান অব্যাহত রয়েছে। অপরাধীদের আইনের আওতায় আনতে পুলিশ নিয়মিতভাবে অভিযান পরিচালনা করছে।