শনিবার, ০৭ মার্চ ২০২৬, ০২:৫৪ পূর্বাহ্ন
বরিশাল প্রতিনিধি :
বরিশালের উজিরপুর উপজেলার হারতা ইউনিয়নের জামবাড়ী সার্বজনীন রাধাগোবিন্দ সেবাশ্রমে ১১তম বার্ষিক বৈষ্ণব ও শিষ্য সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। হাজার হাজার ভক্ত-অনুরাগী ও শিষ্যদের উপস্থিতিতে আয়োজিত এ অনুষ্ঠানের উদ্বোধন করেন সাধু শ্রীমৎ আচার্য্য সাগরানন্দ ব্রহ্মচারী।
অনুষ্ঠানে শুভেচ্ছা বক্তব্য প্রদান করেন সৎসঙ্গ ফাউন্ডেশনের কেন্দ্রীয় সাধারণ সম্পাদক মোঃ সামসুল আলম জুলফিকার। এ সময় সৎসঙ্গ ফাউন্ডেশনের ভ্রাতৃপ্রতিম সংগঠন ভারতের সৎলোক আশ্রমের পক্ষ থেকে মানবিক গুণাবলী উন্নয়নের লক্ষ্যে প্রকাশিত “জ্ঞান গঙ্গা” বইটি সাধু সাগরানন্দ ব্রহ্মচারীর হাতে তুলে দেন সৎসঙ্গ ফাউন্ডেশনের কেন্দ্রীয় কমিটির সদস্য মিজানুর রহমান দুলাল তালুকদার।
এছাড়া সৎসঙ্গ ফাউন্ডেশনের যুব ফোরামের সদস্য নাফিস আব্দুল্লাহ সাধু সাগরানন্দ ব্রহ্মচারীর হাতে “জীবনের পথ” বইটি তুলে দেন। একই অনুষ্ঠানে শ্রমজীবী মানুষের নেতা বিমল করাতির কাছেও “জীবনের পথ” বইটি তুলে দেন সৎসঙ্গ ফাউন্ডেশনের যুব ফোরামের ইউনিয়ন সদস্য লিমন হালদার।
অনুষ্ঠানে আরও শুভেচ্ছা বক্তব্য দেন হারতা ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক তরিকুল ইসলাম তালুকদার, সহ-সভাপতি কালাম ফরাজি, সেবাশ্রম কমিটির সাধারণ সম্পাদক ভক্ত বড়াল, কেশিয়ার সুশীল বড়ালসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরা।
বক্তব্যে সামসুল আলম জুলফিকার বলেন, “সবার উপরে মানুষ সত্য। সমাজে সৎ মানুষের বড় অভাব রয়েছে। যুগে যুগে ধর্ম মানুষকে মানবিক গুণাবলী অর্জনের পথ দেখাতে সৎ মানুষের আবির্ভাব ঘটিয়েছে। তাই সকল ভেদাভেদ ভুলে মানুষের কল্যাণে নিজেকে উৎসর্গ করতে হবে।”
সম্মেলনে ভক্ত-শিষ্যদের অংশগ্রহণে ধর্মীয় আলোচনা, প্রার্থনা ও মানবিক মূল্যবোধভিত্তিক নানা কর্মসূচি অনুষ্ঠিত হয়।