শনিবার, ০৫ সেপ্টেম্বর ২০২৬, ১২:৫২ পূর্বাহ্ন
ফুলবাড়ী (দিনাজপুর) প্রতিনিধি : দিনাজপুরের ফুলবাড়ীতে আন্তঃনগর ট্রেনের নিচে কাটা পড়ে ইসাহাক উদ্দিন (৭০) নামে এক ব্যক্তির মর্মান্তিক মৃত্যু হয়েছে।
শুক্রবার (৪ সেপ্টেম্বর) বিকেল সাড়ে ৪টার দিকে ফুলবাড়ী রেলস্টেশন সংলগ্ন রেলঘুমটি এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
নিহত ইসাহাক উদ্দিন ফুলবাড়ী পৌরসভা এলাকার ৬ নম্বর ওয়ার্ডের তেঁতুলিয়া আড়া গ্রামের মৃত ফজর উদ্দিনের ছেলে। তিনি সাবেক পৌর কাউন্সিলর শহিদুল ইসলামের বড় ভাই ছিলেন।
প্রত্যক্ষদর্শীরা জানান, ঘটনার সময় ইসাহাক উদ্দিন রেলঘুমটি সংলগ্ন এলাকায় রেললাইন পার হচ্ছিলেন। এ সময় পঞ্চগড় থেকে ঢাকাগামী আন্তঃনগর পঞ্চগড় এক্সপ্রেস ট্রেনের নিচে কাটা পড়ে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।
ফুলবাড়ী রেলস্টেশনের মাস্টার শওকত আলী ঘটনাটি নিশ্চিত করে জানান, ট্রেনে কাটা পড়ে একজনের মৃত্যুর খবর পাওয়ার পরপরই পার্বতীপুর জিআরপি থানা পুলিশকে অবহিত করা হয়েছে।
তিনি আরও জানান, জিআরপি থানা পুলিশ ঘটনাস্থলে এসে প্রয়োজনীয় আইনগত প্রক্রিয়া গ্রহণ করবে।