মঙ্গলবার, ০৪ অগাস্ট ২০২৬, ০৫:০৯ অপরাহ্ন
নিউজ ডেস্ক: বরিশাল বিশ্ববিদ্যালয়ের (ববি) উপাচার্য ও প্রক্টরের পদত্যাগ দাবিতে বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেছে শিক্ষার্থীরা। এসময় ২৪ ঘণ্টার মধ্যে তাদেরকে পদত্যাগ করার আল্টিমেটাম দেয় শিক্ষার্থীরা। সোমবার (১৯ আগস্ট) দুপুর ১টায় ক্যাম্পাসের একাডেমিক ভবনের নিচচতলায় সমাবেশ করে শিক্ষার্থীরা।
শিক্ষার্থীরা জানান, বর্তমান ভিসি এবং প্রক্টর ছাত্র আন্দোলন চলাকালীন নানাভাবে শিক্ষার্থীদের হয়রানি করেছে। এমনকি তাদের বিরুদ্ধে দুর্নীতি-অনিয়মের নানা অভিযোগ থাকলেও সব সময় ফ্যাসিস্ট আওয়ামী লীগ সরকারের তাঁবেদারি করার কারণে কোনো প্রশ্নের সম্মুখীন হননি। এই ভিসি এবং প্রক্টর যতদিন শিক্ষার্থীদের ঘারে চেপে থাকবে ততদিন সত্যিকারের স্বাধীনতার স্বাদ বরিশাল বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা পাবে না।
সমাবেশে শিক্ষার্থীরা আরও বলেন, বিশ্ববিদ্যালয় প্রশাসন চলতো বরিশাল সিটি করপোরেশনের সাবেক দুই মেয়রের কথায়, আবার কখনও চলতো সদর আসনের এমপির কথায়। বিশ্ববিদ্যালয়ের ভিসি-প্রক্টরসহ অনেক শিক্ষককে বিশ্ববিদ্যালয়ের চাইতে আওয়ামী লীগের নেতাদের বাসায় বেশি দেখা যেতো। এসব বিষয় কখনোই সাধারণ শিক্ষার্থীরা ভালোভাবে নেয়নি।
সমাবেশে তাদের দুজনকে আগামী ২৪ ঘণ্টার মধ্যে পদত্যাগের আল্টিমেটাম দেয় বিক্ষুব্ধ শিক্ষার্থীরা। অন্যথায় বিশ্ববিদ্যালয় প্রশাসনের সকল স্তরে আওয়ামী লীগের শাসনামলে নিযুক্ত ব্যক্তিদের গণপদত্যাগের সম্মুখীন করা হবে বলেও হুঁশিয়ারি দেন তারা।
সমাবেশে আইন বিভাগের সিরাজুল ইসলাম, মার্কেটিং বিভাগের মো. সিহাব, ইংরেজি বিভাগের মিজানুর রহমান মিজান, ইতিহাস বিভাগের মোশারফ হোসেন, বাংলা বিভাগের মো. আশিক আহমেদ প্রমুখ বক্তব্য দেয়। সমাবেশ শেষে শেষে মিছিল নিয়ে ক্যাম্পাস প্রদক্ষিণ করে বিক্ষোভকারী শিক্ষার্থীরা।