বৃহস্পতিবার, ২৫ Jun ২০২৬, ১২:০৬ অপরাহ্ন
লক্ষ্মীপুরে পুলিশের ট্রেইনি রিক্রুট কনস্টেবল (টিআরসি) পদে একজন নারীসহ মোট ২৪ জন তরুণ-তরুণী চাকরি পেয়েছেন। এছাড়া অপেক্ষমান তালিকায় আরও পাঁচজনকে নির্বাচিত করা হয়েছে। জনপ্রতি অনলাইন আবেদনসহ খরচ হয়েছে মাত্র ১২০ টাকা।
বুধবার (১০ সেপ্টেম্বর) সকালে লক্ষ্মীপুর পুলিশ লাইনে চূড়ান্ত ফল ঘোষণা করেন জেলা পুলিশ সুপার (এসপি) মো. আকতার হোসেন। এ সময় তিনি নির্বাচিত প্রার্থীদের ফুল দিয়ে বরণ করে নেন।
পুলিশ সুপার মো. আকতার হোসেন বলেন, কোনো ধরনের হয়রানি, সুপারিশ কিংবা ঘুষ ছাড়াই স্বচ্ছ প্রক্রিয়ায় নিয়োগ সম্পন্ন হয়েছে। আমি বিশ্বাস করি, স্বচ্ছভাবে নিয়োগ পাওয়া এসব তরুণ-তরুণীরা দেশের কল্যাণে নিষ্ঠার সাথে দায়িত্ব পালন করবে।
জানাযায়, নিয়োগ প্রক্রিয়ায় শুরুতে মোট ৯১০ জন আবেদন করেন। মাঠপর্যায়ে পরীক্ষায় অংশ নেন ৬৭৪ জন। এর মধ্যে ২২২ জন প্রাথমিকভাবে উত্তীর্ণ হন। লিখিত পরীক্ষায় উত্তীর্ণ হন ৪৭ জন। শেষ ধাপে মৌখিক পরীক্ষার মাধ্যমে ২৪ জনকে চূড়ান্তভাবে নিয়োগ দেওয়া হয়।