বৃহস্পতিবার, ০৯ জুলাই ২০২৬, ০২:১০ অপরাহ্ন
রাঙামাটির কাপ্তাই কৃত্রিম লেককে কেন্দ্র করে নবায়নযোগ্য জ্বালানি উৎপাদনে কার্যকর পদক্ষেপ গ্রহণের আহ্বান জানানো হয়েছে। আন্তর্জাতিক ক্লিন এনার্জি দিবস ২০২৬ উপলক্ষে সোমবার সকালে শহরের হ্যাপী মোড়, বনরূপায় দুর্নীতিবিরোধী সংগঠন ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনাল বাংলাদেশ (টিআইবি)-এর অনুপ্রেরণায় গঠিত সচেতন নাগরিক কমিটি (সনাক) রাঙামাটির উদ্যোগে এক মানববন্ধন অনুষ্ঠিত হয়। মানববন্ধনে অধ্যাপক বাঞ্ছিতা চাকমার সভাপতিত্বে অনুষ্ঠানটি পরিচালনা করেন টিআইবি’র ইয়েস লিডার মো. মোস্তফা।
মানববন্ধনে পরিবেশ বিষয়ক অ্যাডভোকেসি ও সিটিজেন গ্রুপ (এসিজি)-এর সমন্বয়ক বাবুল মারমা একটি ধারণাপত্র উপস্থাপন করেন। বক্তারা বলেন, জলবায়ু পরিবর্তন মোকাবিলা এবং টেকসই উন্নয়ন লক্ষ্যমাত্রা (এসডিজি) অর্জনে পরিচ্ছন্ন জ্বালানি অপরিহার্য, সময়োপযোগী ও নির্ভরযোগ্য শক্তির উৎস হিসেবে বিশ্বব্যাপী স্বীকৃত।
বক্তারা আরও বলেন, সৌরশক্তি, বায়ুশক্তি, জলবিদ্যুৎ ও ভূতাপীয় শক্তির মতো নবায়নযোগ্য জ্বালানি জীবাশ্ম জ্বালানির ওপর নির্ভরশীলতা কমাতে এবং বৈশ্বিক উষ্ণায়নের ক্ষতিকর প্রভাব হ্রাসে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। যদিও বাংলাদেশ সরকার নবায়নযোগ্য জ্বালানি রূপান্তরের বিষয়ে জাতীয় ও আন্তর্জাতিক অঙ্গীকার করেছে, তবুও দেশটি এখনো আমদানিনির্ভর জীবাশ্ম জ্বালানির ওপর ব্যাপকভাবে নির্ভরশীল।
বক্তারা সরকারের নবায়নযোগ্য জ্বালানি উৎপাদনের লক্ষ্যমাত্রা নির্ধারণে বিদ্যমান অসঙ্গতি ও সমন্বয়হীনতা পরিহার করে বাস্তবসম্মত ও কার্যকর পদক্ষেপ গ্রহণের দাবি জানান। একই সঙ্গে বিপুল সম্ভাবনাময় কাপ্তাই লেককে কেন্দ্র করে জলবিদ্যুৎ ও অন্যান্য নবায়নযোগ্য জ্বালানি উৎপাদনের উদ্যোগ জোরদার করার আহ্বান জানান তারা।