বৃহস্পতিবার, ০৯ জুলাই ২০২৬, ০১:১৯ অপরাহ্ন
লক্ষ্মীপুর প্রতিনিধি:
লক্ষ্মীপুরে জাতীয় সংসদ নির্বাচনকে প্রভাবিত করার উদ্দেশ্যে অবৈধভাবে ভোটের সিল তৈরির অভিযোগে জামায়াত নেতা সৌরভ হোসেন শরীফ ও ব্যবসায়ী সোহেল রানার বিরুদ্ধে মামলা দায়ের করেছে পুলিশ।
বুধবার (৪ ফেব্রুয়ারি) দুপুরে সদর মডেল থানার তদন্তকারী কর্মকর্তা উপপরিদর্শক (এসআই) মনির হোসেন বিষয়টি নিশ্চিত করেন।
পুলিশ জানায়, মামলার একমাত্র গ্রেপ্তার আসামি সোহেল রানাকে আদালতে সোপর্দ করা হয়েছে। তবে অপর আসামি সৌরভ হোসেন শরীফ পলাতক রয়েছেন। তাকে গ্রেপ্তারের চেষ্টা চলছে।
মামলার এজাহার সূত্রে জানা যায়, জামায়াত নেতা সৌরভ হোসেন শরীফ গত ৩০ জানুয়ারি ব্যবসায়ী সোহেল রানার কাছে পাঁচটি নির্বাচনী সিল তৈরির অর্ডার দেন। এ সংক্রান্ত একটি ভয়েস মেসেজ হোয়াটসঅ্যাপের মাধ্যমে পাঠানো হয়। জাতীয় সংসদ নির্বাচনকে প্রভাবিত করার অসৎ উদ্দেশ্যে জাল ভোট প্রদানের লক্ষ্যেই অবৈধভাবে এসব সিল তৈরি করা হয় বলে এজাহারে উল্লেখ করা হয়েছে।
পুলিশ জানায়, গোপন সংবাদের ভিত্তিতে মঙ্গলবার বিকেলে জেলা শহরের পুরাতন আদালত সড়কের মারইয়াম প্রিন্টার্সে অভিযান চালিয়ে ১৬ ঘরবিশিষ্ট ছয়টি ভোটের সিল, একটি কম্পিউটার ও একটি মোবাইল ফোন জব্দ করা হয়। এ সময় সোহেল রানাকে আটক করা হয়।