বুধবার, ০১ এপ্রিল ২০২৬, ১০:০৭ পূর্বাহ্ন
চলতি মাসেই জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) প্রার্থী তালিকা চূড়ান্ত করা হবে বলে মন্তব্য করেছেন দলটির আহ্বায়ক নাহিদ ইসলাম।
তিনি বলেন, শাপলা কলি মার্কায় ইনশাআল্লাহ আমরা ৩০০ আসনে প্রার্থী দেব।
মঙ্গলবার (৪ নভেম্বর) দলের ভেরিফায়েড ফেসবুক পেইজে এক ভিডিও বার্তায় এ কথা বলেন তিনি।
তিনি বলেন, গণঅভ্যুত্থানের মধ্যদিয়ে একটি নতুন বাংলাদেশ প্রত্যাশায় ফেব্রুয়ারিতে জাতীয় নাগরিক পার্টি প্রতিষ্ঠা করা হয়। এরপর মার্চ মাস থেকে আমরা নিবন্ধনের কার্যক্রম শুরু করি। জুন মাসের দিকে নিবন্ধনের সব কাগজপত্র জমা দেয়া হয়। সবকিছু জমা হওয়া সত্ত্বেও নির্বাচন কমিশন প্রত্যাশিত মার্কা ছিল শাপলা দিতে গড়িমসি করে। তারপরে কয়েকটা মাস কমিশনের সঙ্গে এক ধরনের ঠান্ডা লড়াইয়ের মধ্যদিয়ে যেতে হয়। দীর্ঘদিনের চেষ্টার পর এনসিপি আজকে নিবন্ধন পেয়েছে। শাপলা কলি মার্কা পেয়েছি।
নাহিদ ইসলাম আরও বলেন, আমরা পুরোটা সময় মানুষের পাশে থেকে তাদের জন্য কাজ করেছি। জুলাই পদযাত্রায় মানুষের দ্বারে দ্বারে গিয়েছি। অভূতপূর্ব সমর্থন ও সাড়া পেয়েছি। সারাদেশে জুলাই সনদ ও সংস্কারের পক্ষে জনমত তৈরি করেছি। বিচারের জন্য কথা বলে যাচ্ছি। নির্বাচনের জন্য প্রস্তুতি নিচ্ছি। শাপলা কলি মার্কায় ইনশাআল্লাহ আমরা ৩০০ আসনে প্রার্থী দেব। এনসিপি আমার-আপনার সবার দল। তাই যারা নতুন করে রাজনীতি করতে চান এবং দেশটাকে নতুনভাবে গড়তে চান, তারা আমাদের সঙ্গে যোগাযোগ করুন।
সবশেষে তিনি বলেন, সারাদেশের জাতীয় নাগরিক পার্টির সাংগঠনিক কার্যক্রম চলছে। এই মাসের মধ্যে প্রার্থী তালিকাও চূড়ান্ত করা হবে। ইনশাআল্লাহ প্রতিটি আসনে শাপলা কলি মার্কায় আমরা যোগ্য, সৎ এবং দেশপ্রেমিক প্রার্থী দেব।