শনিবার, ০১ অগাস্ট ২০২৬, ০৭:১২ অপরাহ্ন

শিরোনাম
১৫০ বছর পর লাইব্রেরিতে ফিরল ধার নেওয়া বই, জরিমানা ১৯ লাখ টাকা গণপরিবহনে আজ থেকে জিপিএস বাধ্যতামূলক মেসেঞ্জারে আপত্তিকর কথোপকথনের স্ক্রিনশট ভাইরাল, ছাত্রশক্তির নেতাকে অব্যাহতি কুলাউড়ায় রেলওয়ের পরিত্যক্ত ভবন ও হাজার একর জমি অবৈধ দখলে চৌদ্দগ্রামে বেতনভাতা বৃদ্ধির দাবিতে শ্রমিকদের মহাসড়ক অবরোধ লোহাগড়ায় মতবিনিময় সভা ও পৌর শাখা কমিটি গঠন দেশসেরা স্প্রিন্টার জাকির হোসেনকে জামায়াতের পক্ষ থেকে অভিনন্দন জ্ঞাপন ভারতে বসে রাজনৈতিক কর্মকাণ্ড চালাতে পারবেন না শেখ হাসিনা শ্রাবণে উপবাস ভাঙুন পুষ্টিকর শুকনো ফলের লাড্ডুতে, রইল সহজ রেসিপি সৌদি আরবের নেতৃত্বাধীন সামুদ্রিক প্রতিরক্ষা জোটে যুক্ত হলো বাংলাদেশ

মেসেঞ্জারে আপত্তিকর কথোপকথনের স্ক্রিনশট ভাইরাল, ছাত্রশক্তির নেতাকে অব্যাহতি

জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) ছাত্রসংগঠন জাতীয় ছাত্রশক্তির শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় শাখার এক নেতাকে দলীয় পদ থেকে অব্যাহতি দেওয়া হয়েছে। ফেসবুক মেসেঞ্জারে আপত্তিকর কথোপকথনের স্ক্রিনশট সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ার পর এ পদক্ষেপ নেওয়া হয়।

গতকাল শুক্রবার রাতে ছাত্রশক্তির কেন্দ্রীয় সভাপতি জাহিদ আহসান ও সাধারণ সম্পাদক আবু বাকের মজুমদারের নির্দেশক্রমে এ সিদ্ধান্ত নেওয়া হয়।

অব্যাহতি পাওয়া সাজিদ আহমেদ মোল্লা বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রশক্তির যুগ্ম আহ্বায়ক ছিলেন। তিনি শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের কেমিকৌশল ও পলিমারবিজ্ঞান বিভাগের ২০২১–২২ শিক্ষাবর্ষের শিক্ষার্থী।

জাতীয় ছাত্রশক্তির দপ্তর সম্পাদক মাহফুজুর রহমানের সই করা এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে। বিষয়টি নিশ্চিত করেছেন বিশ্ববিদ্যালয় ছাত্রশক্তির আহ্বায়ক রাশিদ আবরার।

বিজ্ঞপ্তিতে বলা হয়, সংগঠনের নীতি, আদর্শ ও উদ্দেশ্যের পরিপন্থী কর্মকাণ্ডে জড়িত থাকার অভিযোগে সাজিদ আহমেদ মোল্লাকে সব ধরনের সাংগঠনিক দায়িত্ব ও পদ থেকে অব্যাহতি দেওয়া হয়েছে।

গত বৃহস্পতিবার ‘প্রাইভেট ইউনিভার্সিটি স্টুডেন্টস অ্যালায়েন্স অব বাংলাদেশ (পুসাব)’ নামের একটি ফেসবুক পেজে সাজিদ আহমেদ মোল্লার মেসেঞ্জারের কয়েকটি কথোপকথনের স্ক্রিনশট প্রকাশ করা হয়। সেখানে ব্র্যাক বিশ্ববিদ্যালয়ের এক নারী শিক্ষার্থী ও কিশোরী মেয়েদের নিয়ে আপত্তিকর ও অশ্লীল মন্তব্য এবং ধর্ষণের মতো বিষয় নিয়ে কথাবার্তা বলতে দেখা যায়। তিন থেকে চারটি স্ক্রিনশট সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ার পর বিষয়টি নিয়ে ব্যাপক সমালোচনার সৃষ্টি হয়।

এ বিষয়ে সাজিদ আহমেদ মোল্লার ভাষ্য, ‘ভাইরাল হওয়া চ্যাটের স্ক্রিনশটটি সত্য। তবে এটি এক বছর আগের। আপত্তিকর কথাবার্তার বিষয়টি আমার সঙ্গে খালাতো ভাইয়ের কথায় হয়েছে। যে উদ্দেশ্য নিয়ে স্ক্রিনশট ভাইরাল করা হয়েছে, এর সত্যতা নেই, বাস্তব ঘটনার সঙ্গে সম্পৃক্ততা নেই।’

ছাত্রশক্তি থেকে অব্যাহতির বিষয়ে তিনি বলেন, ‘সংগঠন সাময়িকভাবে পদ থেকে আমাকে অব্যাহতি দিয়েছে। তারা বিষয়টির আগে তদন্ত করবে।’

জানতে চাইলে বিশ্ববিদ্যালয়ের প্রক্টর মোখলেসুর রহমান বলেন, ‘এ বিষয়ে কোনো অভিযোগ আসেনি। তবে যার কথোপকথনের স্ক্রিনশট ভাইরাল হয়েছে, সে মুঠোফোনে আমাকে কল দিয়ে নিরাপত্তা চেয়েছে। এ বিষয়ে যদি কোনো অভিযোগ আসে, তাহলে আমরা বিষয়টি খতিয়ে দেখব।’


Classic Software Technology
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত © ২০২০ বাঙলার জাগরণ
কারিগরি সহযোগিতায়: