বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬, ০৮:৫৮ অপরাহ্ন
মোহাম্মদ আজিজুল ইসলাম, কুলাউড়া প্রতিনিধি : সত্য ও বস্তুনিষ্ঠ সাংবাদিকতার পাশাপাশি অন্যায়, অনিয়ম ও অসঙ্গতির বিরুদ্ধে সোচ্চার থাকার প্রত্যয় নিয়ে পথচলা সাংবাদিক সংগঠন টিম জার্নালিস্ট’স-এ আইন পরামর্শক হিসেবে যোগ দিয়েছেন কবি ও হাইকোর্টের আইনজীবী মোস্তফা মহসিন।
বুধবার (২৩ সেপ্টেম্বর) এক পরিচিতি অনুষ্ঠানের মাধ্যমে তিনি আনুষ্ঠানিকভাবে টিম জার্নালিস্ট’স-এর সঙ্গে যুক্ত হন। সংগঠনের প্রধান উপদেষ্টা ও সিনিয়র সাংবাদিক এম. মুক্তাদির হোসেনের সভাপতিত্বে এবং সাংবাদিক রফিকুল ইসলাম মামুনের সঞ্চালনায় আয়োজিত অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সাপ্তাহিক সীমান্তের ডাক পত্রিকার পরিচালক মাহফুজ আহমেদ। এ সময় টিম জার্নালিস্ট’স-এর সকল সদস্য উপস্থিত ছিলেন।
অনুষ্ঠানে বক্তারা বলেন, সাংবাদিকতা শুধু সংবাদ প্রকাশের মধ্যে সীমাবদ্ধ নয়; সমাজের অসঙ্গতি তুলে ধরা, অন্যায়ের প্রতিবাদ করা এবং মানুষের অধিকার ও ন্যায়ের পক্ষে দায়িত্বশীল ভূমিকা রাখাও সাংবাদিকতার গুরুত্বপূর্ণ অংশ। সেই লক্ষ্যেই টিম জার্নালিস্ট’স-এর যাত্রা শুরু হয়েছে। সংগঠনের সদস্যদের পেশাগত কাজে প্রয়োজনীয় আইনগত পরামর্শ ও সহযোগিতা নিশ্চিত করতে আইনজীবী মোস্তফা মহসিনকে আইন পরামর্শক হিসেবে যুক্ত করা হয়েছে।
আইন পরামর্শক হিসেবে যোগ দিয়ে মোস্তফা মহসিন বলেন, সাংবাদিকরা সমাজের নানা অনিয়ম ও অসঙ্গতি তুলে ধরতে গিয়ে অনেক সময় আইনি জটিলতার মুখোমুখি হন। টিম জার্নালিস্ট’স-এর সদস্যদের পেশাগত দায়িত্ব পালনের ক্ষেত্রে আইনগত বিষয়ে প্রয়োজনীয় পরামর্শ ও সহযোগিতা দেওয়ার চেষ্টা করবেন তিনি। একই সঙ্গে দায়িত্বশীল ও তথ্যনির্ভর সাংবাদিকতার চর্চার ওপর গুরুত্বারোপ করেন তিনি।
অতিথি মাহফুজ আহমেদ বলেন, একটি সাংবাদিক সংগঠনের কার্যক্রম তখনই অর্থবহ হয়, যখন সেটি সত্য ও বস্তুনিষ্ঠ সংবাদ প্রকাশের পাশাপাশি মানুষের কল্যাণে ভূমিকা রাখে। টিম জার্নালিস্ট’স-এর কার্যক্রম আরও বিস্তৃত ও শক্তিশালী হবে বলে তিনি আশাবাদ ব্যক্ত করেন।
সভাপতির বক্তব্যে এম. মুক্তাদির হোসেন বলেন, অন্যায়ের বিরুদ্ধে সোচ্চার হওয়া এবং সত্যের পক্ষে অবস্থান নেওয়ার লক্ষ্যেই টিম জার্নালিস্ট’স-এর জন্ম। সাংবাদিকদের পেশাগত দায়িত্ব পালনে সততা, বস্তুনিষ্ঠতা ও দায়িত্বশীলতার কোনো বিকল্প নেই। সংগঠনের সদস্যরা যেন তথ্য-প্রমাণের ভিত্তিতে সংবাদ প্রকাশ করেন এবং কোনো অন্যায় বা অনিয়মের সঙ্গে আপস না করেন—এমন প্রত্যাশা ব্যক্ত করেন তিনি।
অনুষ্ঠানে টিম জার্নালিস্ট’স-এর সদস্যরা আইন পরামর্শক মোস্তফা মহসিনকে স্বাগত জানান এবং সংগঠনের ভবিষ্যৎ কার্যক্রমে তাঁর পরামর্শ ও সহযোগিতা গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে আশাবাদ ব্যক্ত করেন।
সত্য ও বস্তুনিষ্ঠ সংবাদ প্রকাশ এবং অন্যায়ের বিরুদ্ধে কলমের প্রতিবাদ—এই অঙ্গীকারকে সামনে রেখে টিম জার্নালিস্ট’স-এর পথচলায় আইন পরামর্শক হিসেবে মোস্তফা মহসিনের সংযুক্তি সংগঠনের পেশাগত সক্ষমতা আরও বাড়াবে বলে মনে করছেন সংশ্লিষ্টরা।