শনিবার, ২৬ সেপ্টেম্বর ২০২৬, ১২:৪৪ পূর্বাহ্ন
মোহাম্মদ আজিজুল ইসলাম কুলাউড়া প্রতিনিধি : মৌলভীবাজারের কুলাউড়া উপজেলার গুপ্তগ্রাম নিজামিয়া বিস্কুটি এতিমখানায় এতিম শিক্ষার্থীদের জন্য বিশেষ খাবারের আয়োজন করা হয়েছে।
বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর, আমেরিকা প্রবাসী মিছতাক মজিদ নাহিন ও মৌলভীবাজার জেলার প্রথম শ্রেণীর ঠিকাদার মিছতাক মজিদ রুহিনের পক্ষ থেকে এ বিশেষ খাবারের আয়োজন করা হয়।
এ আয়োজনের মাধ্যমে এতিমখানার শিক্ষার্থীদের সঙ্গে কিছুটা সময় কাটানোর পাশাপাশি তাদের জন্য খাবারের ব্যবস্থা করা হয়। আয়োজকরা জানান, সমাজের সুবিধাবঞ্চিত ও এতিম শিশুদের পাশে দাঁড়ানো এবং তাদের মুখে হাসি ফোটানোই এ ধরনের উদ্যোগের মূল উদ্দেশ্য। ভবিষ্যতেও মানবিক ও সামাজিক কর্মকাণ্ড অব্যাহত রাখার প্রত্যয় ব্যক্ত করেন তারা।
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন সাপ্তাহিক সীমান্তের ডাকের পরিচালক ও স্কটল্যান্ড প্রবাসী মাহফুজ আহমেদ, টিম জার্নালিস্টের প্রধান উপদেষ্টা এম. মুক্তাদির হোসেইন, আমেনা মিষ্টি ঘরের স্বত্বাধিকারী জাহের আলম চৌধুরী, সমাজসেবক এম. হাজির আলী, কাদিপুর ইউনিয়ন পরিষদের সচিব নিজাম উদ্দিন এবং মৌলভীবাজার জেলার প্রথম শ্রেণীর ঠিকাদার মিছতাক মজিদ রুহিন।
এছাড়াও টিম জার্নালিস্টের সদস্যবৃন্দসহ এলাকার গণ্যমান্য ব্যক্তিরা উপস্থিত ছিলেন।
এ সময় বক্তারা বলেন, সমাজের প্রতিটি মানুষের উচিত নিজ নিজ অবস্থান থেকে অসহায়, এতিম ও সুবিধাবঞ্চিত মানুষের পাশে দাঁড়ানো। অর্থের পাশাপাশি ভালোবাসা, সহযোগিতা ও মানবিকতাই পারে এসব শিশুদের জীবনে আশার আলো জ্বালাতে।
বিশেষ খাবারের আয়োজনকে ঘিরে এতিমখানার শিক্ষার্থীদের মধ্যে আনন্দ ও উৎসাহের সৃষ্টি হয়। এমন উদ্যোগকে স্বাগত জানিয়ে সংশ্লিষ্টদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন এতিমখানা কর্তৃপক্ষ।
মানবিকতার এই ছোট ছোট উদ্যোগই সমাজে বড় পরিবর্তনের পথ তৈরি করে—এমন প্রত্যাশাই ব্যক্ত করেন উপস্থিত সবাই।